পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন এলাকায় অবস্থিত এম এয়াকুব আলী জামে মসজিদে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত ১৪ দিনব্যাপী খতমে তারাবির নামাজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার রাতে এ খতমে তারাবি শেষ হয়। এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি–পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা ও রাজনীতিবিদ এম এয়াকুব আলী। প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। খতমে তারাবির মাধ্যমে আমরা সম্পূর্ণ কোরআন শ্রবণ ও উপলব্ধির সুযোগ পাই। এটি শুধু তিলাওয়াত নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের শিক্ষা বাস্তবায়নের অঙ্গীকার। খতমে তারাবি শেষে মুসল্লিদের মাঝে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মুসল্লিরা মহান আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফ, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এলাকাবাসী জানান, প্রতিবছরের মতো এবারও খতমে তারাবির আয়োজন ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রেস বিজ্ঞপ্তি।












