সওজের ৪৬৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

টানেলের আনোয়ারা সংযোগ অংশ থেকে চন্দনাইশের গাছবাড়িয়া পর্যন্ত ১৭ কিমি সড়ক ৩৪ ফুট প্রশস্ত হচ্ছে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী টানেল হয়ে চট্টগ্রামকক্সবাজার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করতে আনোয়ারা কালাবিবির দিঘী থেকে চন্দনাইশের গাছবাড়িয়া পর্যন্ত ১৭ কিলোমিটার দীর্ঘ বিকল্প সড়কের রূপরেখা চূড়ান্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আনোয়ারা কালাবিবির দিঘী থেকে গাছবাড়িয়া পর্যন্ত ১৭ কিলোমিটারের বিদ্যমান পুরনো ১৮ ফুট প্রশস্ত সড়কটিকে ৩৪ ফুটে উন্নীতকরণের লক্ষ্যে ৪৬৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে দোহাজারী সড়ক বিভাগ।

সওজ সূত্র জানায়, সড়কটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক থেকে আনোয়ারা সদর, বরকল হয়ে চন্দনাইশ কলেজ গেটে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে। বিকল্প এই সড়কটি হবে দুই লেনের। তবে বর্তমানে এই সড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট। টানেল হয়ে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজারে গাড়ির চাপের কথা বিবেচনায় নিয়ে এই সড়কের প্রশস্ততা বাড়ানো হচ্ছে ৩৪ ফুট। এর ফলে চট্টগ্রামকক্সবাজারের দূরত্ব ১৫ কিলোমিটার কমে আসবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

এ ব্যাপারে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু কুমার চাকমা আজাদীকে বলেন, আনোয়ারা কালাবিবির দিঘী থেকে চন্দনাইশের গাছবাড়িয়া পর্যন্ত ১৭ কিলোমিটারের দুই লাইনের ১৮ ফুট প্রশস্ত সড়কটি ৩৪ ফুট প্রশস্ততা বাড়ানো হবে। এটির জন্য ৪৬৫ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। কর্ণফুলী টানেলের গাড়ির চাপের কথা বিবেচনায় নিয়ে বিকল্প সড়ক হিসেবে এটি নতুনভাবে প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা জানান, সড়কটি চট্টগ্রাম বন্দরের সাথে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজারসহ মাতারবাড়ি, মহেশখালী গভীর সমুদ্র বন্দর ও টেকনাফ স্থল বন্দরের সঙ্গে যুক্ত হবে। এর ফলে কর্ণফুলী টানেল ও ছয় লেনের সংযোগ সড়কের সাথে কক্সবাজারের সরাসরি সড়ক নেটওয়ার্ক তৈরি হবে। সওজের প্রকৌশলীরা আরও জানান, বিকল্প সড়ক বাস্তবায়নের অংশ হিসেবে আনোয়ারাচন্দনাইশ সংযোগস্থল চাঁনখালী খালের উপর ২৮ কোটি টাকা ব্যয়ে বরকল সেতু নির্মাণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসলামের নামে সন্ত্রাসবাদের জন্ম দিয়ে যুগে যুগে ধিক্কারের পাত্র ইয়াজিদ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে নির্মিত হচ্ছে লেকভিউ গার্ডেন