মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতির মধ্যে কাতারের প্রতি সংহতি জানিয়ে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির ওই চিঠি হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই পত্রে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। খবর বিডিনিউজের।
তিনি কাতারে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য কাতার সরকারের গৃহীত পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে কাতারের যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ায় কাতারের আমিরের ‘মহানুভবতার’ কথাও তিনি (প্রধানমন্ত্রী) গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকে আঞ্চলিক শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশ ও কাতারের মধ্যকার ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
সফরকালে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুনের বৈঠকের তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামপ্রতিক একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় কাতারের শ্রমমন্ত্রীর নিকট আত্মীয় মৃত্যুবরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন উপদেষ্টা। কাতারের শ্রমমন্ত্রীকে ‘সুবিধাজনক সময়ে’ বাংলাদেশ সফরের জন্যও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।












