সংস্কৃতি ছাড়া মানুষ মৃত

আইআইইউসির অনুষ্ঠানে ভিসি প্র্রফেসর আলী আজাদী

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জোয়ার ছাড়া নদী যেমন মৃত, তেমনি সংস্কৃতি ছাড়া মানুষও মৃত। শিক্ষা জীবনে সংস্কৃতিচর্চা না থাকলে মনমানসিকতার পূর্ণ বিকাশ সম্ভব নয়। জীবনের প্রতিটি প্রতিযোগিতা হতে হবে ভালো কাজের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।

তিনি গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অতিথি ছিলেন রেজিস্ট্রার কর্নেল মো. কাসেম (অব.), আর্টস ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ ইয়াসিন শরীফ, শরীয়াহ ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশিদ জাহেদ, সহকারী প্রক্টর মোহাম্মদ শাইফুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি বলেন, আল্লাহ আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করতে বলেছেন। এই রমজানেও আমাদের আমলের প্রতিযোগিতায় শামিল হতে হবে। প্রতিযোগিতা যেন নিজেকে প্রদর্শনের জন্য না হয়; বরং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য হয়। প্রকৃত প্রতিযোগিতা আখেরাতে সাফল্য অর্জনের প্রতিযোগিতা। তিনি বলেন, অতীতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান শিক্ষার্থীরাও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মুহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিভিশনের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও নৈতিক চেতনা জাগ্রত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। উল্লেখ্য, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৬০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করা না হলে লিঙ্গ সমতা নিশ্চিত হবে না
পরবর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম ভেন্যুতে যশোরের জয়