নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী মঙ্গলবার। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ তথ্য দেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের জন্য প্রস্তুতিও শুরু করেছে সংসদ সচিবালয়। একইদিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে আরেক কর্মকর্তা জানিয়েছেন। সেজন্যও প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বৃহস্পতিবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন হয়। এতে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়। বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তাদের এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। খবর বিডিনিউজের।
এদিকে দীর্ঘদিনের রীতি ভেঙে নতুন সরকারের শপথ বঙ্গভবনের বাইরে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে গতকাল বিকালে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। এজন্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুদিন পর গতকাল সেখানে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।
গতকাল রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকালে নতুন সরকারের শপথের ব্যবস্থা করা হচ্ছে। রাষ্ট্রপতি নতুন সরকারপ্রধান হতে যাওয়া বিজয়ী দলের নেতা ও মন্ত্রীদের শপথ পাঠ করান। এতদিন তা বঙ্গভবনেই হয়ে আসছে। এবার শপথের স্থান বদলের বিষয়ে তথ্য দিলেও রাষ্ট্রপতিই শপথ পড়াচ্ছেন কিনা তা বলতে চাননি কানিজ মওলা। তিনি বলেন, এ বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবেন না। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন। তবে আগের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে না থাকায় নবনির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন তা নিয়ে এখনও আলোচনা চলছে।
এ আলোচনার মধ্যে গতকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন। এদিন দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সাংবাদিকদের স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারবেন।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে স্পিকার হিসেবে দায়িত্ব নেন শিরীন শারমিন চৌধুরী। তিনি মামলার আসামি হয়ে বর্তমানে প্রকাশ্যে নেই। তার সঙ্গে ডেপুটি স্পিকারের দায়িত্ব নেন শামসুল হক টুকু। তিনি মামলার আসামি হয়ে এখন কারাগারে। ফলে নতুন সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন, তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে।











