সংসদ বসছে ১২ মার্চ

| সোমবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ, ওইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রোববার সচিবালয়ে এই সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ জানিয়ে দেন।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় কী কী আলোচনা হয়েছে সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জাতীয় সংসদ আহ্বান কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে, রাষ্ট্রপতির আহ্বান নিয়ে যে প্রজ্ঞাপন যে সেশন হবে তার ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রী দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। খবর বিডিনিউজের।

রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে। সে অধিবেশনে কার্যসূচি কী কী থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সে অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে প্রথা মাফিক। এছাড়া সংসদে রেগুলার যেসব কাজ হবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও এক প্রশ্নের জবাবে বলেন সালাহউদ্দিন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছ একটি আসন। দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। বাকিরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসে।

পূর্ববর্তী নিবন্ধমার্চ থেকে বিনামূল্যে বাসা বাড়ির ময়লা সংগ্রহ
পরবর্তী নিবন্ধঈদ সামনে রেখে বেড়েছে ডিজিটাল প্রতারণা