সংসদে বিরোধীদলীয় নেতা জামায়াত আমির, হুইপ নাহিদ

| বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। হুইপ হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার নবনির্বাচিত বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা জানান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, বিরোধীদলের সংসদ সদস্যগণ শপথ গ্রহণের পরে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের নায়েবে আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদও আমরা মনোনয়ন দিয়েছি। শফিকুর রহমান ঢাকা১৫, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা১১ এবং নাহিদ ইসলাম ঢাকা১১ আসন থেকে ভোটে লড়ে বিজয়ী হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। গতকাল নতুন এমপি, মন্ত্রিসভার সদস্যদের শপথ হয়েছে।

নির্বাচনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুইটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস একটি করে আসন এবং সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুল্কমুক্ত গাড়ি বা প্লট নেবেন না বিএনপির এমপিরা
পরবর্তী নিবন্ধসচিবালয়ে আজ অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান