সংসদে দেখে দেখে বক্তব্য নয়, নোট রেখে কথা বলার পরামর্শ স্পিকারের

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে কাগজ দেখে পুরো বক্তব্য পড়া অনুমোদিত নয় বলে সদস্যদের সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রোববার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় জামায়াতে ইসলামীর সদস্য মাসুদ সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মো. অলিউল্লাহ কাগজ দেখে বক্তব্য দেওয়ার পর তিনি এ বিষয়ে কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ১২ মার্চের ভাষণের উপর আলোচনা চলাকালে প্রথমে পিরোজপুর১ আসনের সদস্য মাসুদ সাঈদী বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। খবর বিডিনিউজের।

এর কিছুক্ষণ পর বরগুনা১ আসনের সদস্য মো. অলিউল্লাহও লিখিত বক্তব্য দেখে বক্তব্য দিলে স্পিকার তাকে একইভাবে সতর্ক করেন। তিনি বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে ভবিষ্যতে না দেখে বলার অভ্যাস করেন।

পূর্ববর্তী নিবন্ধভিক্ষা না করে সংসার চালানো প্রতিবন্ধী নাদিমের স্বপ্নপূরণ
পরবর্তী নিবন্ধচকরিয়া ছলিমুল উলুম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ