ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথিও। খবর বাংলানিউজের।
জানা গেছে, কনকচাঁপা সিরাজগঞ্জ–১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেবী নাজনীন নীলফামারী–৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর রিজিয়া পারভীন নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক আনুগত্য এবং দেশের নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য থেকেই তিনি সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছেন। তার কথায়, দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও আসব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই।
কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার কথা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। একই সঙ্গে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান তিনি। রিজিয়া বলেন, আমার বাড়ি কিশোরগঞ্জ। ওখান থেকেই আমি আবেদন করেছি। সেখান থেকেই আমি নির্বাচিত হতে চাই। অবশ্যই আমি নারীদের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। মনোনয়ন পেলে কাজ হবে নারীদের নিয়ে কাজ করা, সংস্কৃতি নিয়ে কাজ করা।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি। গতকাল শনিবার সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিঁথি। এ বিষয়ে সিঁথি গণমাধ্যমকে বলেন, আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। নড়াইল–২ আসন থেকে আমি ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।
জানা গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’–এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত শুক্রবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের (আজ) মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।













