নগরীর হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেলাল উদ্দিন (৪৫) নামে অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার ভোর ৫ টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, চক্রের সদস্যরা সিএনজি টেক্সি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বেড়াত এবং ‘শয়তানের নিশ্বাস’ (চেতনানাশক স্কোপোলামিন) ছিটিয়ে টার্গেট করা ব্যক্তিকে ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নিত।
চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেল ৪ টার দিকে ওয়াসা মোড় সংলগ্ন রাস্তায় অজ্ঞান পার্টির সদস্য বেলাল উদ্দিন (৪৫), মো. কবির মুন্সীসহ (৩২) আরও ১ জন সিএনজি টেক্সি নিয়ে এসে বাঁধন সরকার (২৭) নামে এক ব্যক্তির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার নাকের সামনে দেওয়া হয় বুদ্ধিনাশক পদার্থ। এ ঘটনায় মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার ভোর ৫ টায় হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি টেঙি জব্দ এবং নগদ ২০ হাজার টাকাসহ আসামি বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, গ্রেপ্তার আসামিরা স্কোপোলামিন বা ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সাময়িকভাবে সম্মোহিত করে ফেলত। এভাবে তারা সাধারণ মানুষের সব লুট করত।














