শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দল ঘোষণা

নতুন মুখ জুয়াইরিয়া

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশ নারী জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী উইকেটকিপারব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। তিনি ইতোমধ্যে বাংলাদেশের হয়ে সাতটি টিটোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া দীর্ঘ সাত বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার সারমিন সুলতানা। সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০১১ সালে সর্বশেষ নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

তার আগে ২০০৯ সালে মেয়েদের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলেছিল তারা। বাংলাদেশের মাটিতে এই প্রথম ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছে ওইদিনই রাজশাহী চলে যাবে লঙ্কান ক্রিকেটাররা। সেখানে ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের জমজমাট লড়াই। ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। প্রথমবারের মতো রাজশাহীতে হতে যাচ্ছে আন্তর্জাতিক কোনো সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল সিলেটের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। একদিন অনুশীলন করে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টিটোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। পরের দুটি ম্যাচ মাঠে গড়াবে ৩০ এপ্রিল ও ২ মে। টিটোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ নারী ওয়ানডে স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্না আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস। স্ট্যান্ডবাই তালিকা : দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজনেহার।

পূর্ববর্তী নিবন্ধডোপ পরীক্ষায় ‘পজিটিভ’ হয়ে দু’বছর নিষিদ্ধ মাবিয়া
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা