শ্রীলঙ্কাকে হারিয়েও পাকিস্তানের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে থামানোর শর্ত ছিল। তা মেলাতে না পেরে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছিল খেলার মাঝপথেই। ১৬তম ওভারের পঞ্চম বলে উসমান তারিকের বলে সিঙ্গেল নিতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান। তাতে করে ৫ রানে ম্যাচ জিতলেও লাভ হয়নি কিছুই। সমীকরণ অনুযায়ী পাকিস্তানকে ৬৪ রানে জিততে হতো। সেটি না হওয়ায় দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।

পাকিস্তান ২১২ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কাকে ২০৭ রানে থামায়। পাকিস্তান নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে বিশ্বকাপ শেষ করল। নিউজিল্যান্ডের রান রেট +.৩৯০,পাকিস্তানের .১২৩। এই গ্রুপ থেকে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। অন্যদিকে নিউজিল্যান্ড রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ চারে পৌঁছল।

পাকিস্তানের দেওয়া ২১৩ রানের জবাবে খেলতে নেমে ম্যাচ জমিয়ে তুলেছিল শ্রীলঙ্কা। বিশেষ করে দাসুন শানাকার বিস্ফোরক ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি পৌঁছেছিল তারা। তবে শেষ অব্দি লঙ্কানরা পারেনি, তাদের ইনিংস থামে ২০৭ রানে। পাল্লেকেলেতে গতকাল টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৮ উইকেটে ২১২ রান করে। জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে ভালোভাবেই চাপ ধরে রাখে। তবে ৩৪ রানে ২ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তৃতীয় উইকেটে চারিথ আসালাঙ্কা ও পবন রথনায়েকের ব্যাটে ২৮ বলে ৪২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয় তারা। কিন্তু আসালাঙ্কা (২৫) আউট হওয়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর ষষ্ঠ উইকেটে পবন রথনায়েক ও দাসুন শানাকা মিলে প্রতিরোধ গড়ে। তাদের ৩৩ বলে ৬১ রানের জুটি শ্রীলঙ্কার জয়ের আশা দেখছিল। তবে ১৪ বলে ২৬ রান করে পবন আউট হলে সেই আশায় কিছুটা ভাটা পড়ে। যদিও সপ্তম উইকেটে দুনিথ ভেল্লালাগেকে সঙ্গে নিয়ে শানাকা শেষ চেষ্টা চালান। তাদের অবিচ্ছিন্ন ১৫ বলে ৪৫ রানের ঝড়ো জুটি হার কমাতে সক্ষম হয়, কিন্তু শ্রীলঙ্কা হারের হাত থেকে রক্ষা পায়নি। শানাকা ছিলেন বিধ্বংসী ৩১ বলে ২ চার ও ৮ ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন। তার ব্যাটে ভর করে লঙ্কানরা তোলে ২০৭ রান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান ঝড় তোলেন। তাদের রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২১২ রান সংগ্রহ করে। পাওয়ার প্লেতে পাকিস্তান ৬৪ রান সংগ্রহ করে। এরপর দ্রুত স্কোর এগোতে থাকে। দশম ওভারের শেষ হওয়ার এক বল আগে দলীয় ১০০ পূর্ণ হয়। সেই সময় ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাহিবজাদা ফারহান। দুজনের ব্যাটিং তাণ্ডবে কোনো উইকেট না হারিয়েই ১৭৬ রান তুলে ফেলে পাকিস্তান। ফারহান ব্যক্তিগত ইনিংস আরও বড় করেন, ১৯তম ওভারের প্রথম বলেই সেঞ্চুরি পূর্ণ করে। এর মাধ্যমে এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে তার নাম ইতিহাসে উঠে আসে। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের নতুন কীর্তিও গড়ে ফেলেন ফারহান।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান-আফগানিস্তান সংঘাত তৃতীয় দিনে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাস চাপায় বাইক আরোহী নিহত