শ্রমিক-কর্মচারীদের নিয়ে আজ সভা ডাকল বন্দর কর্তৃপক্ষ

যোগ দেবেন না শ্রমিকেরা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীদের নিয়ে আজ রোববার একটি জরুরি সভা আহ্বান করেছে। গতকাল শনিবার এক চিঠিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে আজ সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, প্রশাসনের প্রতি চরম অনাস্থা ও ক্রমবর্ধমান উত্তেজনার কারণে শ্রমিকেরা এই সভায় যোগ দেবেন না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত চিঠিতে সকল বিভাগীয় প্রধানকে নির্দিষ্ট কোটা অনুযায়ী শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। চিঠিতে বিভাগভিত্তিক উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাতে দেখা যায় পরিবহন বিভাগ থেকে ৫০ জন, মেকানিক্যাল বিভাগ থেকে ৪০ জন, নিরাপত্তা, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে ২০ জন করে, অর্থ ও হিসাব বিভাগ থেকে ১৫ জন, নিরীক্ষা বিভাগ থেকে ৫ জন, সচিব বিভাগ থেকে ৫ জন, নৌ বিভাগ থেকে ১৫ জন, নৌ প্রকৌশল বিভাগ থেকে ৫ জন, কম্পিউটার সেন্টার থেকে ৫ জন, চিকিৎসা বিভাগ থেকে ১০ জন, হাইড্রোগ্রাফি, পরিকল্পনা, ভান্ডার এবং প্রশাসন বিভাগ থেকে ৫ জন করে কর্মকর্তা এবং কর্মচারীকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া চিফ ওয়েলফেয়ার অফিসারকে বিভিন্ন ক্যাটাগরির ১০০ জন নিবন্ধিত সাধারণ শ্রমিকের উপস্থিতি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে ‘জরুরি বিষয়’ নিয়ে আলোচনার জন্য এই সভা ডাকা হয়েছে এবং এই আদেশ কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সভার নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

তবে জরুরি এই সভায় শ্রমিককর্মচারীরা যোগ দেবেন না বলে জানিয়ে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর বলেন, বিভাগ অনুযায়ী সংখ্যা নির্ধারণ করে বেছে বেছে শ্রমিকদের ডাকা প্রকৃত সংলাপের লক্ষণ নয়। আমরা মনে করি এটা আলোচনার জন্য নয়, শ্রমিককর্মচারীদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা এই সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সকল শ্রমিককর্মচারীকে সভায় যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছি।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের অস্থিতিশীল পরিস্থিতিতে জরুরি সভা আহ্বান করা হয়েছে। নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরে তীব্র আন্দোলন চলছে। বন্দরের বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে গঠিত চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ দুদিনের বিরতি শেষে আজ রোববার সকাল থেকে পুনরায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে। গেল সপ্তাহে ছয় দিনের মধ্যে তিন দিন আট ঘণ্টা করে এবং পরবর্তী তিন দিন টানা কর্মবিরতিতে বন্দরের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

আজকের শ্রমিকদের নিয়ে জরুরি সভা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, শ্রমিকদের সাথে যেকোনো আলোচনার আগে বন্দর কর্তৃপক্ষকে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে এবং এনসিটি লিজ পরিকল্পনা পুনর্বিবেচনার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে শ্রমিকেরা আলোচনার কোনো যৌক্তিকতা দেখছেন না।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের কার্যক্রম অবিলম্বে স্বাভাবিক করার আহ্বান ইউরোচ্যামের
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ চাইলেন শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো