শ্রমিকদের বিরুদ্ধে হয়রানি বন্ধ না হলে কাল থেকে বন্দরে লাগাতার কর্মবিরতি স্কপের হুঁশিয়ারি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শ্রমিককর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ না হলে আগামীকাল রোববার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি পালিত হবে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় স্কপের এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়।

ঐক্য পরিষদের অন্যতম নেতা এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কাজী শেখ নুরুল্লাহ বাহার, স্কপের যুগ্ম সমন্বয়ক এস কে খোদা তোতন, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, ফজলুল কবির মিন্টুসহ নেতৃবৃন্দ।

সভায় নেতারা উল্লেখ করেন, গতকাল নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনার পর রমজান মাস ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বিবেচনায় নিয়ে আন্দোলনরত শ্রমিকরা দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন। উপদেষ্টা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে বলে দাবি করেন স্কপ নেতারা। আজ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, ১৫ জন শ্রমিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ তদন্তের আবেদন করেছে বন্দর কর্তৃপক্ষ। স্কপের মতে, এটি নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশেই করা হয়েছে।

স্কপ এ ধরনের পদক্ষেপকে ‘অনৈতিক ও গর্হিত’ আখ্যা দিয়ে জানায়, দেশত্যাগে নিষেধাজ্ঞা কিংবা সম্পদ তদন্তের হুমকিতে শ্রমিকরা ভীত নন। বরং এনসিটি ইজারা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নৌ উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও বন্দর চেয়ারম্যানের সম্পদের হিসাব নেওয়াই অধিক জরুরি বলে মন্তব্য করেন তারা।

নেতারা বলেন, এনসিটি ইজারা প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনরত শ্রমিকদের দমনে যেকোনো হয়রানিমূলক পদক্ষেপ প্রতিহত করতে স্কপ প্রস্তুত রয়েছে। বন্দর কর্তৃপক্ষ যা করছে তা নিতান্ত আগুন নিয়ে খেলার শামিল।

সভা থেকে আজকের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরে আসা এবং শ্রমিকদের বদলি ও অন্যান্য হয়রানিমূলক কার্যক্রম প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় ৮ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

পূর্ববর্তী নিবন্ধকাল আসছে ব্যালট পেপার সংসদীয় আসনে যাবে সোমবার
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করলে হাত মুচড়িয়ে দিতে হবে