শেষ দেখাটাও হল না, শাহ নেওয়াজের প্রয়াণে আক্ষেপ দিলরুবা খানের

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৭ পূর্বাহ্ণ

কালজয়ী বাংলা গান ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেললাইন বহে সমান্তরাল’ গানের সুরকার মো. শাহ নেওয়াজের মৃত্যু ‘হৃদয়ে শূন্যতার ছাপ ফেলেছে’ বলে অনুভূতি ব্যক্ত করেছেন গানটির শিল্পী দিলরুবা খান। খবর বিডিনিউজের।

আবেগঘন স্মৃতিচারণে তিনি বলেছেন, এই গান দিয়েই তার সংগীতজীবনের উত্থান হয়েছিল, শাহ নেওয়াজের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। মো. শাহ নেওয়াজ ও তার স্ত্রী অনামিকা নেওয়াজ স্থায়ীভাবে কানাডায় থাকতেন তার মেয়ের সঙ্গে। বার্ধক্যজনিত রোগে লম্বা সময় ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার কানাডার মন্ট্রিয়লে মারা গেছেন তিনি। সেখানেই দাফন সম্পন্ন হয়েছে। শেষ দেখাটুকুও আর সম্ভব হল না, আক্ষেপ জানিয়ে দিলরুবা খান বলেন, শনিবার দুপুরে ভাত খেতে বসেছি, শাহ নেওয়াজ ভাইয়ের ছেলে কল করে বলল, ফুফু আব্বা আর নেই। শুনেই কান্না চলে আসে। উনি এতটাই দূরে আছেন যে, আমরা একটু শেষ দেখা দেখব সেই সুযোগটাও নেই। শোক প্রকাশ করে দিলরুবা খান বলেন, উনি আমার জীবনে কি ভূমিকা রেখেছে সেটা আমি বুঝিয়ে বলতে পারব না। ‘রেললাইন বহে সমান্তরাল’ গানটি দিলরুবা খানের কণ্ঠে বিশেষ জনপ্রিয়তা পায়। ১৯৮৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়া ‘একদিন যখন’ নাটকে গানটি ব্যবহৃত হয়। মো. শাহ নেওয়াজের সুরে গেয়েছেন মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোরসহ দেশের প্রায় সব খ্যাতিমান সংগীতশিল্পী। দেশের বাইরেও তার সুরে গান করেছেন ভূপেন হাজারিকা ও হৈমন্তী শুক্লা।

পূর্ববর্তী নিবন্ধসৌরভ-সোমার কণ্ঠে ফিরছে ‘যদি হই চোরকাঁটা’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৩৩ কোটি টাকা