শেষ দিনে ৪৪ জনকে নিয়োগ সদ্য সাবেক চবি উপাচার্যের!

চবি প্রতিনিধি | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

দায়িত্বের শেষ দিনেও ৪৪ জনকে নিয়োগ দিয়েছেন চবির সদ্য সাবেক উপাচার্য প্রফেসর শিরীণ আখতার। অভিযোগ উঠেছে, নতুন নিয়োগপ্রাপ্তদের অনেকে প্রশাসনিক দায়িত্বে থাকা অনেক শিক্ষক এবং প্রভাবশালী কর্মকর্তাকর্মচারীদের আত্মীয়স্বজন। এছাড়া রয়েছেন ছাত্রলীগের সাবেক অনেকে।

এদিন দৈনিক মজুরির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে, হল ও দপ্তরে অন্তত ৪৪ জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের প্রত্যেককেই দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দিতে আলাদা কোনো নিয়োগ বোর্ড বসানোর প্রয়োজন পড়ে না। রেজিস্ট্রারের স্বাক্ষরের ভিত্তিতে নিয়োগ দেওয়ার পর উপাচার্য তা অনুমোদন দেন। এরপর অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত এসব পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করলে নিয়োগপ্রাপ্তরা এর বিপরীতে আবেদন করে নিয়োগ স্থায়ী করার সুযোগ পান।

সূত্রে বলা হয়, রেজিস্ট্রারের স্বাক্ষরের মাধ্যমে মোট ৪৪ জনকে বিভিন্ন বিভাগ, হল ও দপ্তরে নিয়োগ দিয়ে গেছেন বিদায়ী উপাচার্য। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার আগেই তিনি এসব নিয়োগ সম্পন্ন করেছেন।

এ বিষয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী সেলের প্রধান সৈয়দ মনোয়ার আলী বলেন, আমি শুনেছি গতকাল (সোমবার) আর আজ (মঙ্গলবার) মিলে মোট প্রায় ৩০ জনকে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের অর্ডার হয়েছে। তবে আমরা এখনো কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাইনি। লেটার পেলে সেল থেকে সেটা অনুমোদন দেব।

এ বিষয়ে সদ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদকে একাধিকবার ফোন করা হয়। তবে দুজনের কেউই সাড়া দেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন বলেন, আমরা সিন্ডিকেট থেকে একটি কমিটি করে দিয়েছিলাম, যাতে করে কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের এই সিদ্ধান্ত না মেনে তিনি নিজের মনগড়া নিয়োগ দিয়ে গেছেন। সিন্ডিকেটে কমিটি গঠনের ওই তারিখের পর থেকে এ রকম যতগুলো নিয়োগ হয়েছে প্রত্যেকটাই অবৈধ।

পূর্ববর্তী নিবন্ধকোহেলিয়া নদী থেকে বালি উত্তোলন, লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার