ঈদুল ফিতরে এবার সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো সাতদিন বন্ধ থাকবে। সে হিসেবে ছুটির আগে গতকাল ছিল ব্যাংকের শেষ কর্মদিবস। তাই ব্যাংকপাড়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে নগদ টাকার চাহিদা থাকায় ব্যাংকে গ্রাহকদের ভিড় বেশি ছিল। তবে বন্ধের সময়ে ব্যাংকের স্ব স্ব এটিএম বুথ সার্ভিস সচল থাকবে। এটিএম মেশিন থেকে পর্যাপ্ত টাকা তুলতে পারবেন এটি নিয়ে অনেক গ্রাহক সংশয়ে থাকেন, সে কারণে শেষ কর্মদিবসগুলোতে বরাবরের মতোই গ্রাহকরা ভিড় করেন।
গতকাল নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, আন্দরকিল্লা, জামালখান, চকবাজার, বহদ্দারহাট, খাতুনগঞ্জ এবং ২ নং গেট এলাকার বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। জানা গেছে, ঈদের ছুটি আজ ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।
কয়েকজন ব্যাংক কর্মকর্তা জানান, এবার ঈদের সাতদিনের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে। গ্রাহকরা নগদ টাকার উত্তোলনে তাই ব্যাংকমুখী হয়েছেন। এছাড়া শিল্পকারখানার বেতন ভাতা উত্তোলন করার জন্যও ব্যাংকে এসেছেন গ্রাহকরা। এ কারণে অন্যান্য দিনের চেয়ে ব্যাংকে গতকাল গ্রাহক উপস্থিতি বেশি ছিল। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে। বেশি ভাগ গ্রাহক ব্যাংকে জমার চেয়ে টাকা উত্তোলন করেছেন বেশি। ইউসিবি ব্যাংক আন্দরকিল্লা শাখায় আসা গ্রাহক ইসমাইল হোসেন বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে ব্যাংক বন্ধ। তাই প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে এসেছি। বন্ধের সময় অবশ্য এটিএম বুথ খোলা থাকলেও অনেক সময় নেটওয়ার্ক থাকে না। তাই অনিশ্চয়তায় পড়তে হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে লেনদেন করতে ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে মূলত টাকা তুলতে এসেছি।












