চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, স্কাউট এমন একটি আন্দোলন যা ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলিত ও মানবিক জীবনের দীক্ষা দিতে সক্ষম। তিনি বলেন, স্কাউটিং একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন যার মাধ্যমে শিশু–কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক বিকাশ সাধিত হয় এবং তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। তিনি আরো বলেন, স্কাউটিং শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান বা ব্যাজ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং হাতে–কলমে কাজের মাধ্যমে চরিত্র গঠন, দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং সমাজসেবার মানসিকতা তৈরির একটি অনন্য প্রক্রিয়া। এর মাধ্যমে সততা, শৃঙ্খলা, সহানুভূতি, দলগত নেতৃত্ব ও সমাজসেবায় দক্ষতা অর্জন করে একজন ব্যক্তি মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে ওঠে। এ কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি।গত শনিবার পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিনব্যাপী আয়োজিত উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে এবং বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলা সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপন কান্তি দে, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা, সৈয়দ মো. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস লিডার লিটন চৌধুরী, কাব স্কাউটস লিডার আইনুন নুর, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন, পীযূষ কুমার দে, সহকারী কমিশনার মোহাম্মদ নাছির উদ্দীন, অশোক চক্রবর্তী, চৈতি চৌধুরী, হারুনুর রশিদ, নাছিমুন আরা প্রমুখ।













