শূন্যতার অধিক শূন্যতা বয়ে নিয়ে যায়
আকাশের বুক চিরে নিঃসঙ্গ চিল।
দিনশেষে মুখোমুখি বসবার ফুরসৎ মিলে
যদি একবার কোনো এক ফাল্গুনী সন্ধ্যায়
ছোঁড়াছুঁড়ি হবে জানি কাদা কথার তীর।
বেদনায় পিচ্ছিল হয়ে যাবে সাজানো নীড়।
ফাগুনের গায়ে আজ উত্তাপহীন আগুন
যদিও শিমুল পলাশের রঙে রাঙা বসনের বাহার।
শুধু মনের আগুন উত্তাপ ছাড়ায় অনিমেষ,
ছাই রঙে রেঙে ওঠে গোলাপি স্বপ্নের দেশ।
মেকি বিশ্বাসের প্রলেপ ঝরে ঝরে পড়ে
গলিত কাচের মতো জীবনের শরীর বেয়ে।
চোখের আদরে নেমে যায় কত নোনা জল,
সিক্ত কপোল বেয়ে কপোতাক্ষে যায় বয়ে।




