নগরীর সিনেমা প্যালেস মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সায়েম। তিনি নগরীর ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের মধ্যে পুরোনো আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১৪ প্রো, রেডমি নোট ১৩ এবং পিঙেল ৮ প্রোসহ বিভিন্ন মডেলের ফোন রয়েছে। এসব ফোনের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি ফোনগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে সেগুলো আলামত হিসেবে জব্দ করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে সায়েমকে আদালতে সোপর্দ করা হয়।












