শীর্ষে জর্জিয়া ভল ও অ্যামেলিয়া কার

নারী টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার জর্জিয়া ভল। স্বদেশি বেথ মুনিকে হটিয়ে আইসিসি উইমেন’স টিটোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। গত সপ্তাহে সেন্ট ভিনভেন্টে ওই ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করেন ভল। ৯ চার ও ৬ ছক্কায় ৫৩ বলে ১০১ রানের ইনিংস খেলেন এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে তার টিটোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৪০ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩০ তে হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া। ওই সেঞ্চুরিতে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক পেরিয়ে ভলের পয়েন্ট হয়েছে ক্যারিয়ার সেরা ৮১৫। মঙ্গলবার নারী ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আট ধাপ এগিয়ে চূড়ায় আছেন তিনি। এতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে মুনির ২৬ মাসের রাজত্বের অবসান ঘটেছে। ২০২৪ সালের জানুয়ারিতে তাহলিয়া ম্যাকগ্রাকে সরিয়ে শীর্ষে ওঠার পর থেকে চলছিল তার এই রাজত্ব। ৭৮৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন তিনি। এক ধাপ এগিয়ে উইমেন’স টিটোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক অ্যামেলিয়া কার। নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। কার পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউসকে। ২০২৩ সালের অক্টোবরে অ্যাশলি গার্ডনারকে হটিয়ে শীর্ষে ওঠার পর প্রায় আড়াই বছর এই অবস্থান ধরে রেখেছিলেন তিনি। ক্রাইস্টচার্চে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টিটোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার র‌্যাঙ্কিংয়ে পেলেন কার। ওই ম্যাচে ব্যাট হাতে ৫৫ বলে ১০৫ রানের ইনিংস খেলার পর, হাত ঘুরিয়ে ৬ রানে ২ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দা ম্যাচ’ হন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। নারী টিটোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসের কাবাডি প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরাজার দোষে শাস্তি পেলেন শাহিন আফ্রিদি