ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, নির্বাচনের আমেজ শেষ, এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কাজের পালা শুরু হয়েছে। নতুনভাবে কালুরঘাট সেতু নির্মাণ করা বেয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। নির্বাচনী ইশতেহারে এলাকাবাসীর কাছে আমার প্রথম প্রতিশ্রুতি ছিল কালুরঘাট সেতু নির্মাণ। এখন আর সমস্যা নেই, খুব শীঘ্রই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এ জন্য রেল কর্তৃপক্ষের সাথে মাসে অন্ততঃ দুই বার সভা করে কালুরঘাট সেতুর নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করবো।
গত রোববার দুপুরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গসংগঠন ও সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আলমাছ ম্যানসনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুরুতে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম–৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর আগে ও পরে কধুরখীল, পোপাদিয়া ও পূর্ব গোমদন্ডী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দেও সাথে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম–৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম–৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলম, বোয়ালখালী পৌর বিএনপি’র আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার শীল। বক্তব্য রাখেন চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আক্কাস খান, সিনিয়র সহ–সভাপতি মুজিবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাজী সোলায়মান, লোকমান উদ্দিন, আবদুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









