শিশুর কানের লতি ছিঁড়ে নিয়ে স্বর্ণের দুল ছিনতাই

শহিদুল ইসলাম, উখিয়া | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বর্ণের দুল ছিনতাই করতে এক রোহিঙ্গা শিশুর কানের নিচের অংশ (লতি) ছিঁড়ে গেছে। বর্তমানে ক্যাম্প অভ্যন্তরের থাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

আজ বৃহস্পতিবার বিকাল পৌন পাঁচটার দিকে উখিয়ার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২১ ব্লক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটি হলো উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ -১২১ ব্লকের বাসিন্দা আব্দুল হাফেজ মেয়ে উনায়সা বিবি (২)।

সাধারণ রোহিঙ্গারা জানান, ক্যাম্প-১৭ এর এইচ-১০১ ব্লকে বসবাসকারী উনায়সা বিবি নামের শিশু রাস্তার পাশে খেলছিল। এসময় অজ্ঞাত কিছু ছিনতাইকারী তার কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটি মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন Friendship হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, শিশুটির কান থেকে ২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ছিনতাই করা হয়েছে। অজ্ঞাত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে রোহিঙ্গা আশ্রয়শিবিরে ব্যতিক্রমী আলাপ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ডাক্তার ও কেমিস্টদের সঙ্গে দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ রেজাউল করিমের মতবিনিময়