শিশুরা খেলতে গিয়ে কুড়িয়ে পেল দুটি গ্যাস গ্রেনেড

উদ্ধার করে নিষ্ক্রিয় করল বান্দরবান থানা পুলিশ

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

বান্দরবানে শিশুরা খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া ২টি গ্যাস গ্রেনেড কুড়িয়ে পেয়েছে। গতকাল শনিবার সকালে বান্দরবান শহরের বাসস্ট্যান্ডস্থ কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এগুলো পাওয়া যায়। পরে তা পুলিশে নিকট হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলা সদরের কাশেম পাড়া এলাকায় কয়েকজন শিশু ঝিরির পাশে খেলার সময় পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো কিছু একটা দেখতে পায়। কৌতুহলবশত পলিথিনটি খুললে গোলাকার ২টি বস্তু পেয়ে খেলার জন্য নিয়ে আসে তারা। পরে স্থানীয়দের মুখে বোমা শুনে বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়। পুলিশ গ্রেনেড দুটি বালতির পানিতে চুবিয়ে রেখে নিষ্ক্রিয় করে।

শিশু তনিম ও তানভি বলে, খেলতে গিয়ে ড্রেইনের উপরে পলিথিনে মোড়ানো অবস্থায় পেলে খেলার জন্য নিয়ে আসি আমরা। বড়রা সেগুলো বোমা বলায় পরে পুলিশের কাছে দিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেড দুটি পুলিশের। এগুলো মূলত মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে। গত ৫ আগস্ট যেহেতু বান্দরবান থানা আক্রান্ত হয়নি, সেহেতু গ্রেনেডগুলো বান্দরবান পুলিশের নয়। স্পষ্ট বুঝা যায় এগুলো অন্য জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড।

পূর্ববর্তী নিবন্ধআরো ৫৮ হাজার টন গম এলো আমেরিকা থেকে
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা