শিশুদের মুখে হাসি ফোটানো মানবিক ও মহৎ উদ্যোগ

নগরফুলের অনুষ্ঠানে সিএমপি কমিশনার

| শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

সমাজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুলের উদ্যোগে আয়োজন করা হয় “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল১২তম মৌসুম” শীর্ষক বিশেষ অনুষ্ঠান। গতকাল শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিএমপি কমিশনার বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো একটি মানবিক ও মহৎ উদ্যোগ। নগরফুল যে উদ্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে পথশিশুদের পাশে দাঁড়াচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় তিনি সমাজের বিত্তবান শ্রেণি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারকে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই কেবল এই শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন। অনুষ্ঠানে সিটি কর্পোরেশন সচিব মোঃ আশরাফুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমাম হোসেন রানাসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউনিসিফের সাবেক ডেভলপমেন্ট স্পেশালিস্ট সায়েদ মিল্কি, লায়ন শওকত ইসলাম, লায়ন ওসমান গনি, নগরফুলের স্বেচ্ছাসেবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য সুবিধাবঞ্চিত ও পথশিশু উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির পাঁচটি স্নাতক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন সনদ প্রদান
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে তক্ষক পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার