পাহাড়ের বুকে শিল্প–সাহিত্যের আলো জ্বালিয়ে রাখার প্রত্যয় নিয়ে গতকাল শনিবার খাগড়াছড়িতে উদযাপিত হলো আরণ্যক বাচিকশিল্প চর্চাকেন্দ্রের দ্বিতীয় বর্ষপূর্তি। ‘মনের ভাষা, জনের ভাষা’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্প–সাহিত্য থেকে মুখ ফিরিয়ে নিলে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। আমাদের তরুণ সমাজ আজ সাহিত্য বিমুখ হয়ে পড়েছে। তাই সমাজে অন্ধকার জেঁকে বসেছে। মিলনপুর হোটেল গাইরিংয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনা সভা, আবৃত্তি, কবির কণ্ঠে কবিতা পাঠ, কথামালা ও গুণীজন সংবর্ধনার আয়োজন ছিল। তপু ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কবি, লেখক ও ভাষাগবেষক মথুরা বিকাশ ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন আরণ্যকের প্রধান নির্বাহী কবি চিংলামং চৌধুরী। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সংবর্ধিত অতিথি ছিলেন কবি হাফিজ রশিদ খান। অতিথি কথক ছিলেন পার্বত্য চট্টগ্রাম রাইটার্স ইউনিয়নের সাবেক সভাপতি কবি অংসুই মারমা। বিশেষ অতিথি ছিলেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের। প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাহিত্যজন শান্তিলাল দেওয়ান, কবি হাফিজ রশিদ খানকে সংবর্ধনা স্মারক তুলে দেন আর্য্যমিত্র চাকমা। প্রেস বিজ্ঞপ্তি।









