শিল্পকলায় অ্যাভাঁগার্ডের নাট্যোৎসব উদ্বোধন

আজ নতুন নাটক মহাবীর বিক্রম

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

নাট্যদল অ্যাভাঁগার্ড তাদের ২৬ বছর পূর্তিতে ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোৎসব গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণে শুরু হয়েছে। ‘অবিরাম অহর্নিশ, পথ চলার ছাব্বিশ’ স্লোগান সম্বলিত ৬ এপ্রিল পর্যন্ত চলা এই নাট্যোৎসবে নাট্যকার সুমন টিংকুর পাঁচটি নাটকের সৃজন সম্ভারে সাজানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নাট্যোৎসব কমিটির আহ্বায়ক রেজাউল করিম আলমগীরের শুভেচ্ছা বক্তব্য রাখার মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, নাট্যজন রবিউল আলম, প্রদীপ দেওয়ানজী, শিশির দত্ত, মুনির হেলাল, অসীম দাশ, . কুন্তল বড়ুয়া, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, শুভ্রা বিশ্বাস, মনসুর মাসুদ, মোকাদ্দেম মোরশেদ ও কঙ্কন দাশ। চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার জন্য সুমন টিংকুর লেখা গান নিয়ে নৃত্য পরিবেশন করে অ্যাঁভাগার্ড সদস্য চতুষ্টয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হয় অ্যাভাঁগার্ড প্রযোজিত নাটক ‘ফায়ার’। নাটকটি সুমন টিংকু রচিত ও শামসুল কবির নির্দেশিত। এটি বাংলাদেশের প্রথম রচিত ও মঞ্চস্থ ইংরেজি মৌলিক নাটক। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় অ্যাভাঁগার্ডের নতুন নাটক ‘মহাবীর বিক্রম’ মঞ্চস্থ হবে। এটি রচনা ও নির্দেশনায় রয়েছেন সুমন টিংকু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপর্দায় নতুন লুকে বিপাশা হায়াত
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.০২ কোটি টাকা