ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক ও বর্তমান তিন সভাপতি। তারা হলেন সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম ও ইব্রাহিম হোসেন রনি। গত মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।
৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এ শিক্ষার্থী ২০২৩ সালে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের প্রথম ছয় মাস চবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইব্রাহীম কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। চাকসু ভিপি ও চবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মনোনীত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়নরত রয়েছেন।












