শিক্ষার মানোন্নয়ন, শিখন–ঘাটতি দূরীকরণ এবং টেকসই ভবিষ্যতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকদের অংশগ্রহণে এক কর্মশালা আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের উদ্যোগে গত ১০ মার্চ মাদ্রাসার জামেয়া একাডেমিক ভবন–১ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘শিখন–ঘাটতি দূরীকরণ : টেকসই ভবিষ্যতের জন্য মানসম্মত শিক্ষার অগ্রযাত্রা’ শীর্ষক কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন এইএমবির চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। তিনি বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শিখন–ঘাটতির বাস্তব চিত্র তুলে ধরে তা নিরসনে শিক্ষক–নেতৃত্বাধীন কার্যকর কৌশল, আধুনিক শিক্ষণ পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, ফলাফলভিত্তিক শিক্ষা (ঙঁঃপড়সব–নধংবফ ষবধৎহরহম) এবং ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির গুরুত্ব ব্যাখ্যা করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষালাভ নিশ্চিত করতে হলে কেবল পাঠদান যথেষ্ট নয়, বরং তাদের বোধগম্যতা, বিশ্লেষণ ক্ষমতা এবং সৃজনশীল চিন্তাকে বিকশিত করার জন্য শিক্ষকদেরকে আরো সক্রিয়, গবেষণাধর্মী ও অংশগ্রহণমূলক শিক্ষণ–পদ্ধতি অনুসরণ করতে হবে। তিনি বলেন, একটি শক্তিশালী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক, শিক্ষা প্রশাসন এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় সহযোগী ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান এম এ হামিদ, সচিব প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ গোফরান, সদস্য মুফতি অছিয়র রহমান, প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলিম রিজভী এবং অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী।
কর্মশালার আকর্ষণ ছিল অংশগ্রহণমূলক গ্রুপভিত্তিক আলোচনা পর্ব। এতে উপস্থিত শিক্ষকদের ১০টি পৃথক গ্রুপে বিভক্ত করে শিক্ষার্থীদের শিখন–ঘাটতির কারণ, শ্রেণিকক্ষে বিদ্যমান চ্যালেঞ্জ, পাঠদান পদ্ধতির সীমাবদ্ধতা এবং তা থেকে উত্তরণের কার্যকর উপায় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয়। প্রতিটি গ্রুপ তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করে এবং শিক্ষার মানোন্নয়নে বাস্তবধর্মী সুপারিশ তুলে ধরে। গ্রুপ আলোচনায় উঠে আসে শিক্ষার্থীদের পাঠগ্রহণে আগ্রহ বৃদ্ধি, নিয়মিত মূল্যায়ন ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তি সহায়ক শিক্ষা পদ্ধতির প্রয়োগ, শিক্ষক–শিক্ষার্থী যোগাযোগ বৃদ্ধি, সৃজনশীল ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিতকরণসহ নানা দিক। এসব সুপারিশ ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও যুগোপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাপনী বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মো. ইয়াহিয়া খান। তিনি বলেন, শিক্ষা কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়, এটি একটি জাতির নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উন্নয়নের ভিত্তি। তাই শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং পাঠদানের মানোন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে যথাযথভাবে বিকশিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
তিনি বলেন, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ, শৃঙ্খলাপূর্ণ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, একাডেমিক মূল্যায়ন এবং মানোন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
উল্লেখ্য, কর্মশালায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












