শিকড়ের খোঁজে ‘ওগো বিদেশিনী’

| রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

শিকড়ের খোঁজে লন্ডন থেকে বরিশালের জেলে পাড়ায় আসা তরুণী অলিভিয়াকে ঘিরে নির্মিত হয়েছে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশিনী’। রাশেদ সিমান্তের গল্পে নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। খবর বিডিনিউজের।

নাটকের চিত্রনাট্য দেখাবে, লন্ডনে বেড়ে ওঠা তরুণী অলিভিয়া তার বাঙালি দাদার হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে বাংলাদেশে আসে। সে শুধু জানে, দাদার নাম ছিল ‘উত্তম কুমার’ এবং বাড়ি বরিশালের কোনো এক গ্রামে। একটি বেসরকারি সংস্থার সহায়তায় সে বরিশালের এক জেলে পাড়ায় পৌঁছায়। সেখানে মাঝি যুবক সুজন তাকে দাদার বাড়ি খুঁজে পেতে সাহায্য করতে শুরু করে। গ্রামে বিদেশি এক মেয়ে আসায় পুরো গ্রামে কৌতূহল আর নানা হাস্যরসের ঘটনা তৈরি হয়। দাদার খোঁজে গ্রাম থেকে গ্রাম ঘুরতে গিয়ে অলিভিয়া ও সুজন কয়েকজন ভুয়া দাবিদারের মুখোমুখি হয়, যারা নিজেদের উত্তম কুমারের আত্মীয় বলে পরিচয় দিয়ে তার কাছ থেকে সুবিধা নিতে চায়। শেষ পর্যন্ত সুজনের বাড়ির একটি পুরনো পারিবারিক ছবিতে অলিভিয়া তার দাদাকে চিনে ফেলে। সে জানতে পারে ছবির মানুষটির আসল নাম ছিল ফজলু।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অমৃতা কবির, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, শফিক খান দিলু, মিলন ভট্র, অদিতি জাহান অথই, স্পর্শিয়া মিম, মাসুম বাশার, আল আমিন, টুনটুনি সোবহান, রিপ্তি জাহান, সাইকা।

পূর্ববর্তী নিবন্ধসালমানকে রান আউট করা নিয়ে মিরাজের বক্তব্য
পরবর্তী নিবন্ধগানে গানে তারকাদের নাটকে জমবে ঈদের ‘ইত্যাদি’