স্বাধীনতা বইমেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার মেলামঞ্চে ‘একটি দেশকে এগিয়ে নিতে শিক্ষিত জাতির বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভপতির বক্তব্যে চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম বলেছেন, আধুনিক যুগে জ্ঞান অর্জনের জন্য অক্ষরজ্ঞান অত্যাবশ্যক হলেও প্রকৃত শিক্ষা তার চেয়েও বিস্তৃত। শিক্ষা মানুষকে শুধু ভালো মানুষই নয়, চাইলে অপরাধী হতেও সক্ষম করে তোলে। অর্থাৎ শিক্ষা একটি শক্তি, যার ব্যবহার নির্ভর করে মানুষের মূল্যবোধের ওপর। দেশ ও জাতির উন্নতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি সামনের দিকে এগুতে পারে না।
তিনি বলেন, বর্তমান সমাজে সাধারণভাবে অক্ষরজ্ঞানকেই শিক্ষা হিসেবে ধরা হয়, যা সঠিক নয়। অক্ষরজ্ঞান থাকা মানেই শিক্ষিত হওয়া নয়, আবার অক্ষরজ্ঞান না থাকলেও কেউ জ্ঞানী হতে পারেন। এমন মন্তব্য করে তিনি উদাহরণ দেন, ইতিহাসে অনেক দার্শনিক ও চিন্তাবিদ রয়েছেন, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমিত হলেও জ্ঞানচর্চায় তারা অনন্য।
ড. ওবায়দুল করিম বলেন, মানুষের দুটি জগৎ রয়েছে, প্রাকৃতিক জগৎ ও সামাজিক জগৎ। প্রাকৃতিক জগতকে জানা, তার নিয়ম বোঝা এবং তা পরিবর্তনের মাধ্যমে মানবজীবনকে সহজ করা হচ্ছে শিক্ষার একটি বড় অংশ। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো বিষয়গুলো মূলত প্রকৃতির নিয়ম জানার মাধ্যম।
অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নাট্যজন প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, লেখক ও গবেষক অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। স্বাগত বক্তব্য দেন, শিক্ষক ও গবেষক অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির। সঞ্চালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য ও চসিকের দেওয়ান হাট কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও রেলওয়ে হাসপাতাল কলোনি স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, নগরের কাজীর দেউড়ির চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চলছে ১৯দিন ব্যাপী স্বাধীনতা বইমেলা। মেলা শেষ হবে ১৮ এপ্রিল। এবারের বইমেলায় চট্টগ্রাম ও ঢাকার ৯৬টি প্রকাশনা সংস্থার ১৩১টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।











