শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাও তাঁদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। সম্প্রতি নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মীর হেলাল বলেন, জীবনে সফল হতে হলে অধ্যবসায়, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পড়াশোনা ও আত্মগঠনে মনোযোগী হতে হবে। পিতা–মাতা ও শিক্ষকদের সম্মান করা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করা এবং মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ করা প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় থেকে দূরে থেকে জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, সার্কেল এসপি তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, হাটহাজারী থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি আবু মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সী, অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যসচিব ছালেহ আহমাদ আনছারী, বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল আলম, আবু মোহাম্মদ রহিম উদ্দিন, মুহাম্মদ তাজুল ইসলাম, মো. নেজামুল হক, দাতা সদস্য মো. দিদারুল আলম মুন্সী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ হোসেন, শামসুন নাহার, মো. সাইফুদ্দীন, ডা. মো. আজম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা পার হচ্ছিল শিশুটি, গাড়ির ধাক্কায় মৃত্যু
পরবর্তী নিবন্ধইসলামবিদ্বেষী স্লোগানে স্পেনকে জরিমানা ফিফার