শিক্ষার্থীদের উপর হামলা, লামায় ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

লামা প্রতিনিধি | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ৩:৩০ অপরাহ্ণ

পার্বত্য জেলার বান্দরবানের লামায় আজিজনগর ইউনিয়নে ছাত্র ও জনসাধারণের উপর হামলার ঘটনায় আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনসহ ২৩ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) মোহামুদুল হাসান বাদী হয়ে লামা থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল ১৮ আগস্ট আনুমানিক দুপুর ২ টা থেকে ৩ টার সময় চেয়ারম্যান জসিম উদ্দিন এলাকায় প্রভাব বিস্তার করার জন্য বহিরাগত অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জন সন্ত্রাসী বাহিনী ধারালো দা, কিরিচ, রামদা ও দেশীয় অস্ত্রসহ ভাড়া করে আনেন।

পরে আজিজনগর ইউনিয়নে চেয়ারম্যানপাড়া এলাকার ইউনিয়ন পরিষদের সামনে থাকা মাঠে বৈষম্য বিরোধী ছাত্র ও এলাকার জনসাধারণদের দেখতে পেয়ে অতর্কিত এলোপাথাড়ি মারধর করতে থাকে।

চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বাহিনী জনসাধারণ ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।

এ সময় ঘটনাস্থলে মোহামুদুল হাসান (২০), মো: সামিন (১৮), মো: মহিম উদ্দিন (২০), কোরবান আলী (১৮), মিজানুর রহমান (২৮), মাহামুদুল হক মাহি (২৫), আবুল খায়ের (৪৫)সহ অনেকেই আহত হয়।

মামলার বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, গতকালকের ঘটনায় মোহামুদুল হাসান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয় ঘুরে দেখালেন তামিম
পরবর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নগরীর ২ ফার্মেসিকে আড়াইলাখ টাকা জরিমানা