শিকলবাহা খালে তিনদিন আগে ডুবে যাওয়া নিখোঁজ নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলীর শাখা খাল শিকলবাহার মোহনা থেকে গতকাল সকাল ৮টার দিকে তিনদিন আগে ডুবে যাওয়া মালবোঝাই নৌকাটি তোলার পর মাঝির মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর নাম মোহাম্মদ মহিউদ্দিন (৩৫)। তার বাড়ি সাতকানিয়ার খাগরিয়া গণিপাড়া এলাকায়। সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, গত রোববার রাত ২টার দিকে শিকলবাহায় মালবোঝাই নৌকাটি ডুবে যায়। মাঝি মহিউদ্দিন নৌকার কেবিনে ঘুমিয়ে ছিলেন। তিনি ছাড়া নৌকায় আর কেউ ছিল না। নৌকার সঙ্গে মাঝিও ডুবে যান। বুধবার সকালে নৌকাটি উদ্ধার করা হয়। এর কেবিন থেকেই মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। ওসি বলেন, ‘মহিউদ্দিনের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। জেলা প্রশাসনের অনুমোদনের পর দুপুর ৩টার দিকে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নৌকাটি সদরঘাট নৌ থানা পুলিশের কাছে রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।












