চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার উদ্যোগে ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় নগরীর ১৪টি স্কুল নিয়ে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগ। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল শনিবার উদ্বোধনী খেলায় কাস্টমস ল্যাবরেটরি স্কুল ৮ রানে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে। টসে জিতে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রথমে ব্যাট করতে পাঠায় কাস্টমস ল্যাবরেটরিকে। কাস্টমস ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের শাওন দাশ ৭১,মেহরাজ ৫৭, শাখাওয়াত ২৭ এবং মাহবুবুর ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। হালিশহরের আসফার ফেরদৌস এবং জারিফ ১টি করে উইকেট পান। জবাবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৩ রান করে। দলের ফজলে রাব্বানি ৬৬, আহনাফ ৩১, মনিরুজ্জামান ১৯, ফয়সাল ১৯, মঈনউদ্দিন ১৩ এবং ওমর রিদম ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শাখাওয়াত রিজভি ৩টি, শাওন দাশ ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন হোসেন ও জিসান।
এর আগে প্রধান অতিথি হিসেবে এই ক্রিকেট লিগের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে প্রয়াত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ ও কিংবদন্তি ক্রীড়া সংগঠক প্রফেসর শায়েস্তা খানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন মহানগরী ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপ–কমিশনার (সদর) সিএমপি মো. ফেরদৌস আলী চৌধুরী। এলাকাবাসীর পক্ষ থেকে মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও হাফুসের সভাপতি ফরিদ আহম্মেদ হাফুস মাঠের উন্নয়নের জন্য কিছু দাবি জানান। সেসব দাবির প্রতি সমর্থন জানিয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মাঠের চারপাশে ফেনসিং ওয়াল, ওয়াকওয়ে এবং ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ঘোষণা করেন। অন্যদের মাঝে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ্ মইনুদ্দিন হাসান ও সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ চৌধুরী বক্তব্য রাখেন। সিটি মেয়র চট্টগ্রামের প্রত্যেকটি ওয়ার্ডে ১টি করে খেলার মাঠ গড়ে তোলার প্রত্যয় আবারো ব্যক্ত করেন। তিনি এ মাঠের দায়িত্ব হাফুসের উপর প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ–কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার ভাইস চেয়ারম্যান ইবাদুল হক লুলু, যুগ্ম সম্পাদক, তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মাদ খান, নির্বাহী কমিটির সদস্য আবদুল হান্নান আকবর, ওয়াহিদ দুলাল, সেকান্দর কবির, নওশাদ চৌধুরী, প্রয়াত শায়েস্তা খানের পুত্র ডা. ইশতেয়াক আজিজ খান ও কন্যা ফারজানা, দেবাশীষ বড়ুয়া দেবু, আবদুল গফুর পন্টি, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক, ওয়াসিম কামাল রাজা, ইয়াসিন আরাফাত, ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজার (টি ট্রেড) তাসবির হাকিম, হাফুসের সাবেক সভাপতি সিনিয়র কর আইনজীবী মাহফুজুল হক মনি, বর্তমান সহ সভাপতি মো. মোরশেদ, সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী, সদস্য আবদুল করিম ভুট্টো, কামালউদ্দিন, রাশেদ ও ইকবাল প্রমুখ।











