চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদের উক্ত যাত্রী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শনিবার সকালে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান। পরে কাস্টমস হলে তার লাগেজ তল্লাশি করে সিগারেট ও স্মার্ট মোবাইল সেট উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানিয়েছেন, শনিবার সকাল পৌনে ১০টায় বিজি–১৪৮ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের ব্যাগেজে এসব পণ্য পাওয়া যায়। বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। জব্দ ১৫টি মোবাইল ফোনের মধ্যে ৫টি আইফোন ও ১০টি গুগল পিক্সেল ফোন। উদ্ধার করা সিগারেট থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আহরণ হবে।
তিনি জানান, যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেট ও মোবাইল ফোনের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়, যা চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।











