চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল সকালে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আগত ফ্লাইদুবাই এয়ারলাইন্সের ফ্লাইটের একজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন মালবোরো সিগারেট উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটক যাত্রীর নাম তৌহিদুল ইসলাম আরাফাত। তার বাড়ি চান্দনাইশ উপজেলার জাফরাবাদ এলাকায় বলে জানা গেছে।
উদ্ধারকৃত সিগারেটের মূল্য প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা বলে উল্লেখ করে কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরান্ডাম (ডিএম) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে আটক যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে।














