শাহ আমানত বিমানবন্দরে স্বাভাবিক হচ্ছে বৈদেশিক ফ্লাইট চলাচল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক ফ্লাইট চলাচলে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। দীর্ঘদিনের স্থবিরতার পর গতকাল (বুধবার) ফ্লাইট পরিচালনায় উন্নতির আভাস মিলেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গতকাল সারাদিনে মোট ৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত ২টি আগমন (এরাইভাল) এবং ১টি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়।

তবে একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আগত ১০টি এরাইভাল এবং ৮টি ডিপার্চার ফ্লাইট নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। গতকালের চারটিসহ ইতোমধ্যে ২৮১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে পুরোপুরি স্থিতিশীল হতে আরও কিছু সময় লাগতে পারে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধবিসিবিকে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড বললেন হাসনাত, জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধনোঙর তুলল আটকে পড়া বাংলার জয়যাত্রা, পাড়ি দেবে হরমুজ প্রণালি