শাহ আমানত বিমানবন্দরে সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি ফেরত ফ্লাইটের তিনজন যাত্রীর কাছ থেকে বিপুল সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত রোববার গতকাল সকাল ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট বিএস৩৫০ অবতরণের পর কাস্টমস হলে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯১০ কার্টন (মন্ড) সিগারেট এবং ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়। আটক যাত্রীরা হলেন ফটিকছড়ির মোহাম্মদ সোহেল, কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ উল্যাহ এবং চট্টগ্রাম নগরীর মোহাম্মদ সাজ্জাদ হোসেন। কাস্টমস সূত্র জানায়, উদ্ধারকৃত ৯১০ কার্টুন সিগারেটের বিপরীতে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার টাকা। সিগারেটের চালান ডিএম মূল্য জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

জড়িত তিন যাত্রীকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ সংশ্লিষ্ট সব সংস্থার নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিষপানে রোহিঙ্গা দিনমজুরের ‘আত্মহত্যা’
পরবর্তী নিবন্ধআবারও গ্রেপ্তার নোবেল