মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গতকাল বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা দুটি আগমন (এরাইভাল) ফ্লাইট এবং দুবাইগামী দুটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি মধ্যপ্রাচ্যগামী ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে বাতিলের মধ্যেও বুধবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা আটটি আগমন ফ্লাইট এবং পাঁচটি প্রস্থান ফ্লাইট চালু ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস–বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে আংশিকভাবে ফ্লাইট চালু হয়েছে। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব শুরু হওয়ার পর বুধবারের পাঁচটি ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।












