মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল আরও তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত শনিবার হতে মোট ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়। গতকাল সোমবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তবে সৌদি আরব এবং ওমানের সাথে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–১৩৫ দুপুর ১টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করে। পরে একই উড়োজাহাজ যাত্রী নিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
তবে এয়ার আরাবিয়ার দুটি ফ্লাইট গতকাল বিকেলে চট্টগ্রামে পৌঁছার কথা থাকলেও সেগুলো বাতিল করা হয়েছে। একইসাথে ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা থাকলেও সেটি যাত্রা বাতিল করে।
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত শনিবার অপরাহ্ন থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। এখন পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থাকতে পারে বলে উল্লেখ করে তিনি ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছেন।










