মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আকাশপথে অস্থিরতা অব্যাহত থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শনিবার আরো ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা অঞ্চলের এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করতে হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া, ইউএস–বাংলা এয়ারলাইনস এবং সালামএয়ারের বিভিন্ন ফ্লাইট।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এয়ার আরাবিয়ার ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। ইউএস–বাংলা এয়ারলাইনসের ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সালামএয়ারের ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে সীমিত পরিসরে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। এর মধ্যে সালামএয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে পৌঁছেছে এবং অপর একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে গেছে। একইদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা–চট্টগ্রাম এবং মাস্কাট–চট্টগ্রাম ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে আজকের ১২টি ফ্লাইটসহ এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে।









