মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে। গতকাল একদিনে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী ও আগত ২টি ফ্লাইট (১টি আগমন, ১টি প্রস্থান)। এছাড়া ইউএস–বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ১টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে এয়ার এরাবিয়ার শারজাহ থেকে আসা ২টি আগমন ও শারজাহগামী ২টি প্রস্থান ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের ১টি আগমন ও ১টি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে এর মধ্যেও কিছু ফ্লাইট চালু ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মোট ৪টি আগমন ও ৩টি প্রস্থান ফ্লাইট গতকাল পরিচালিত হয়েছে, যা সীমিত পরিসরে হলেও আন্তর্জাতিক যোগাযোগ সচল রাখছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এরাবিয়া ও সালাম এয়ারের ফ্লাইটগুলো পুনরায় অনিশ্চয়তায় পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতায় আজকের ৯টি ফ্লাইটসহ মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে চট্টগ্রাম বিমানবন্দরে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জেনে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।












