মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গতকাল মঙ্গলবার দুবাই ও মধ্যপ্রাচ্যগামী মোট চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর সীমিত পরিসরে পরিচালিত হওয়ায় এসব রুটে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে গতকাল মঙ্গলবার একটি এরাইভালসহ মোট চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি এরাইভাল ফ্লাইট এবং ইউএস–বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটের একটি এরাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট।
তবে একই দিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা সাতটি যাত্রীবাহী এরাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস–বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামের এই বিমানবন্দর থেকে মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।










