মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল সোমবার সারাদিনে বিভিন্ন এয়ারলাইনসের অন্তত আটটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই ও দোহা থেকে আগত দুটি এরাইভাল ফ্লাইট। এছাড়া ইউএস–বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত একটি এরাইভাল এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। একই সঙ্গে এয়ার আরাবিয়ার শারজাহ থেকে আগত দুটি এরাইভাল এবং শারজাহগামী দুটি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।
তবে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। গতকাল বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত চারটি যাত্রীবাহী এরাইভাল ফ্লাইট এবং তিনটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস–বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলো আবারও অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং অনেক ক্ষেত্রে স্থবির হয়ে পড়েছে।
বিমানবন্দর সূত্র অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে। ওই সময় থেকে গতকাল পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ১২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট সূচিতে পরিবর্তন আনছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।











