আগামীকাল ৩রা ফেব্রুয়ারি (মঙ্গলবার) ১৪ই শাবান পবিত্র শবে বরাত বা ‘লাইলাতুল বরাত’ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুতুবুল আকতাব হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের উদ্যোগে দিনব্যাপী বিশেষ ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পবিত্র এই রজনীকে ‘ক্ষমার রাত’ হিসেবে অভিহিত করে ইসলামী চিন্তাবিদগণ বলেন, মহান আল্লাহপাক এ রাতে বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন এবং গুনাহ মাফ ও দোয়া কবুল করেন। এ উপলক্ষে দরগাহ শরীফে পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির ও কবর জিয়ারতের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে: খতম সমূহ: পবিত্র কোরআন শরীফ খতম, খতমে খাজেগান, খতমে ইউনুস ও খতমে গাউছিয়া। শাজরাহ আমানতীয়া বেলায়েতীয়া শরিফ আদায় শেষে মিলাদ শরীফ।
দোয়া মাহফিল: মুসলিম উম্মাহর শান্তি এবং সকল কবরবাসীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করবেন আওলাদে পাক ও সাজ্জাদানসীন শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।
তবারক বিতরণ: বাদে আসর হালুয়া-রুটি এবং বাদে মাগরিব থেকে ভক্ত ও আশেকানদের মাঝে তবারক বিতরণ করা হবে।
সেহরি: রাত ২ টায় আশেকান, ভক্ত, মুসল্লিগণের জন্য সেহরি খাওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উক্ত বরকতময় রজনীতে ধর্মপ্রাণ মুসলমান ও আশেকানদের উপস্থিত থেকে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে, মহান আল্লাহপাক যেন এই পবিত্র রজনীর উসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করেন এবং দেশ ও জাতির ওপর রহমত বর্ষণ করেন। আমিন।











