শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার কামিল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৪৪ পূর্বাহ্ণ

দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে দুর্বল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া। তিনি বলেন, বিদেশি প্রেসক্রিপশন বিশেষ করে ভারতীয় প্রভাবের কারণে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং জনবান্ধব সরকার হিসেবে কাজ করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়ার ঐতিহ্যবাহী শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইদ্রিস মিয়া গত ১৫ বছরের শিক্ষা নীতির কঠোর সমালোচনা করে বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে, যাতে এটি জাতীয় শিক্ষার মূলধারায় শক্ত অবস্থান নিতে না পারে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি আদর্শভিত্তিক রাষ্ট্র কাঠামো, যা গড়ে উঠবে মদিনার সনদের আলোকে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা মুখতার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ, গভর্নিং বডির সদস্য কাজী ফৌজুল কবির, এস এম বোরহান উদ্দিন, আবু বক্কর ছিদ্দিক। অনুষ্টনে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নৈতিকতা, আদর্শ ও জ্ঞানের সমন্বয়েই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব। শিক্ষাই তোমাদের সবচেয়ে বড় সম্পদ। এই জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ, সমাজ ও ইসলামের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধরে রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিদায়ী স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেনমো. শহীদুল হক, সাদেকুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুল আজিজ, হামিদুল হক ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আইন কলেজে ছাত্রদলের নবীনবরণ
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘সবুজ সমাবেশ’