শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ৪২৯ কার্টন সিগারেট

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের বিপরীতে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকার রাজস্ব আয় হবে বলে জানানো হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার উড়োজাহাজের ফ্লাইট জি৯৫২৩ অবতরণের পর বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান চালানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি জব্দ করে।

কাস্টমস সূত্র জানায়, তল্লাশির সময় দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৪২৯ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতিটি কার্টনে দুই হাজার শলাকা হিসেবে মোট ৮ লাখ ৫৮ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। সিগারেট বহনের সঙ্গে জড়িত দুই যাত্রী হলেন বাঁশখালীর হাসান মিয়া এবং কঙবাজারের চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিম।

উদ্ধার করা সিগারেট চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আটক দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ও বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে প্রথম বাণিজ্যিক ব্রেইন চিপ ব্যবহারের অনুমোদন চীনের
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী