রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ পুণ্যকর্মে অংশ নিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর প্রয়াত পিতা–মাতা, শ্বশুর–শাশুড়ি এবং পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
পার্বত্য মন্ত্রী বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সমপ্রীতির মধ্য দিয়ে বাস করবে। তিনি বলেন, আজ আমি সৃষ্টিকর্তার কাছে সরকারের উত্তরোত্তর সাফল্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও জাতির সামগ্রিক সমৃদ্ধি কামনা করছি। শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।












