চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসগামী সাড়ে আটটার ট্রেন অজানা কারণে দেরী করে আসে। এরপর দুপুর আড়াইটায় শহরগামী ট্রেন সময় মতো ছাড়েনি ক্যাম্পাস থেকে। বিকালের দুইটি ট্রেনও ক্যাম্পাস থেকে সময় মতো ছাড়েনি। চবি শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র বাহন শাটল ট্রেন। ক্যাম্পাসে ক্লাসে যাওয়া কিংবা শহরে টিউশন করতে যাওয়ার জন্য শাটলই একমাত্র ভরসা শিক্ষার্থীদের। সঠিক সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তি পোহাতে হয়েছে শহরগামী শিক্ষার্থীদের। এসময় অনেকেই বাসে, সিএনজিতে শহরে যেতে বাধ্য হয়। অনেকেই মিস করে টিউশনসহ গুরুত্বপূর্ণ কাজ। আবার কেউ কাজ সম্পন্ন না করেই ফিরেছে বাসায়। শহরগামী এক শিক্ষার্থী বলেন, চারটার ট্রেনে শহরে যাওয়ার কথা ছিলো। ট্রেন এসেছে প্রায় এক ঘন্টা পর। যে কাজের শহরে যাওয়ার কথা ছিলো সেটার শেষ হয়ে গেছে। সিএনজিও ছিলো না যাওয়ার জন্য। বাধ্য হয়ে বাসায় ফিরে আসতে হয়েছে। ষোলোশহর স্টেশন মাস্টার মো. ফারভেজ বলেন, সকালে একটা ট্রেন দেরী করায় অন্য ট্রেন দেরী করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের কোনো ক্রুটি ছিলো না।











